যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করতে আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁর তেহরান যাওয়ার কথা রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম এ সফরের তথ্য জানিয়েছে। সফরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন আসিম মুনির।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব পাবে।
## মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছে পাকিস্তান। এ সময় দেশটি দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে।
এর ধারাবাহিকতায় জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়। চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার একটি কাঠামো নির্ধারণ করা হয়েছিল ওই সমঝোতার মাধ্যমে।
তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী আলোচনা ভেঙে পড়ে।
হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উদ্বেগ
বিশ্বের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং এ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে অঞ্চলটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এ অবস্থায় আসিম মুনিরের নতুন ইরান সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরে কী ধরনের অগ্রগতি হবে, তা এখনো স্পষ্ট নয়।
#AsimMunir #IranUSConflict #Pakistan #MiddleEastCrisis #Aronno_News