সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য বাংলাদেশকে কেন জানানো হয়নি, তা জানতে চেয়েছে ঢাকা। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি দুইজনের মামলার বিস্তারিত বিবরণ, বিচারিক প্রক্রিয়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে তথ্য চেয়ে দ্বিতীয়বারের মতো কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৯ অক্টোবর) জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।
বৈঠকে তিনি জানান, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত যে বন্দিতালিকা পাঠাত, তাতে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের উল্লেখ ছিল। তবে তাঁদের কী সাজা দেওয়া হয়েছে, সে তথ্য তালিকায় ছিল না। মৃত্যুদণ্ডের বিষয়টি জানানো হলে জেদ্দায় বাংলাদেশের মিশন তাঁদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ পেত।
একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ বিষয়ে সৌদি কূটনীতিক কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
বাংলাদেশ জানতে চেয়েছে, দুই বাংলাদেশির মামলায় কী ধরনের বিচারিক পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং দণ্ড ঘোষণার পর তাঁরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন কি না। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবকে দ্বিতীয়বারের মতো কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে।
গত ১৮ অক্টোবর জেদ্দা থেকে ঢাকায় পাঠানো বাংলাদেশ মিশনের এক বার্তায় বলা হয়, সৌদি আরবে সাইবার অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের আগের নজির নেই।
ওই বার্তায় আরও জানানো হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে চারিত্রিক স্খলনসংক্রান্ত মামলায় ৩০৬ জন বাংলাদেশি আটক রয়েছেন। তাঁদের মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। এসব বাংলাদেশিকে এক মাস থেকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া সাইবার অপরাধের অভিযোগে মক্কায় পৃথক তিনটি মামলায় তিন বাংলাদেশিকে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়া এবং দণ্ড কার্যকরের আগে তাঁদের আইনি সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।
#Bangladesh #SaudiArabia #Diplomacy #HumanRights #Aronno_News