বার্সেলোনাকে খোঁচা দেওয়ার সুযোগ যেন হাতছাড়া করতে চান না রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। এবার রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ না দেখার দাবি করেও রেফারিং বিতর্ক নিয়ে কটাক্ষ করেছেন পর্তুগিজ এই কোচ। তার মন্তব্য, ‘এ তো অফিসের আর দশটা দিনের মতোই!’
গত শনিবার লা লিগায় বেতিসের মাঠে স্বাগতিকদের ৫-২ গোলে হারায় বার্সেলোনা। তবে ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। বেতিসের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বিশেষ করে একটি গোল বাতিল ও এক ফুটবলারের লাল কার্ডের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন।
ম্যাচের প্রথমার্ধে জিওভানি লো সেলসোর করা একটি গোল ভিএআরের পরামর্শে বাতিল করেন রেফারি। আগের একটি হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল করা হয়। এ ছাড়া বার্সেলোনার একটি গোলের আগে ফাউল না দেওয়া এবং ফাকুন্দো বের্নালের লাল কার্ড নিয়েও প্রশ্ন তোলেন পেলেগ্রিনি।
ম্যাচ শেষে বেতিস কোচ রেফারির পারফরম্যান্সের সমালোচনা করে বলেন, তার সিদ্ধান্তে ফুটবলীয় বিচারবোধের অভাব ছিল এবং কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরদিন সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে মরিনহোর কাছে বার্সেলোনা-বেতিস ম্যাচের রেফারিং নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি দাবি করেন, ম্যাচটি দেখেননি। বরং লাইপজিগ, বায়ার্ন মিউনিখসহ অন্যান্য দলের ম্যাচ দেখেছেন বলে জানান তিনি।
তবে ম্যাচটি না দেখলেও রেফারিং নিয়ে আলোচনার কথা শুনেছেন বলে জানান মরিনহো। এরপরই কটাক্ষ করে বলেন, ‘পরে অবশ্য ম্যাচটি নিয়ে নানা কথা আমার কানে এসেছে। তবে সেসব শুনে আমি মোটেও অবাক হইনি। এ তো অফিসের আর দশটা দিনের মতোই!’
এদিকে, আগামী রোববার ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। ফলে আসন্ন এল ক্লাসিকোতে হারলে শিরোপার লড়াইয়ে ব্যবধান আরও বাড়বে মাদ্রিদের দলটির।
#JoseMourinho #Barcelona #RealMadrid #ElClasico #Aronno_News