যশোরের অভয়নগরে নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে হত্যার পর জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি তার এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, সোমবার (১৯ অক্টোবর) তার খালা এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে ঢোকেন। এ সময় খাটের ওপর তার গলাকাটা মরদেহ দেখতে পান তারা।
পান্না বেগমের অভিযোগ, ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ধারণা, দুর্বৃত্তরা এসব লুট করার উদ্দেশ্যে তার মাকে হত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
#Jessore #CrimeNews #BangladeshNews #PoliceInvestigation #Aronno_News