নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। ট্রাকটি কুড়িগ্রাম থেকে পাবনার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া একজন হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০)। বাকি নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
#NatoreAccident #RoadAccident #BangladeshNews #BreakingNews #Aronno_News