দেশের উন্নয়ন ও স্থাপনা নির্মাণে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের প্রয়োজনেই স্থাপনা নির্মাণ করতে হবে, তবে যতটা সম্ভব প্রকৃতির ক্ষতি এড়িয়ে কাজ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা ওসমানী উদ্যান বর্তমান সরকারের উদ্যোগে সংস্কার করা হয়েছে। একই সঙ্গে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। সংস্কার ও নির্মাণকাজ শেষে সোমবার আনুষ্ঠানিকভাবে এগুলোর উদ্বোধন করা হয়।
স্থাপনা নির্মাণে পরিবেশের ক্ষতি কমানোর ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, ওসমানী উদ্যানের উন্নয়নকাজ করতে গিয়ে অনেক গাছ কাটা হয়েছে। এ অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্থাপত্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃতির ক্ষতি যথাসম্ভব এড়িয়ে স্থাপনা নির্মাণের আহ্বান জানান তিনি।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন আগে রাজধানীর হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিনি। তাঁর পর্যবেক্ষণে, সরকারি হাসপাতাল ও কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা কিছুটা ভালো।
ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দর্শনার্থীদের এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে পরিবেশ নষ্ট হয় বা ময়লা জমে। পাশাপাশি এসব স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি সরকারি সম্পত্তি। তাই এর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব।
#EnvironmentProtection #TariqueRahman #JulyMemorial #GreenDevelopment #Aronno_News