রাতভর নাটকীয়তা ও নানা আলোচনা-সমালোচনার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।
পোস্টে তিনি আরও বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও জানান তিনি।
ইশরাক হোসেন তাঁর পোস্টের শেষে লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
এর আগে রোববার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ওই খবরকে গুজব বলে মন্তব্য করে অডিও বার্তা দেন ইশরাক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকেও এ-সংক্রান্ত সংবাদকে অসত্য ও ভিত্তিহীন উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়। পরে মধ্যরাতে বিষয়টি নিয়ে ফেসবুকে আরেকটি বার্তা দেন তিনি।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
#IshraqueHossain #BreakingNews #Aronno_News