প্রধানমন্ত্রী ও দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তবে দায়িত্ব ছাড়ার উদ্যোগ নিলেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন এসব কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানেও কাজ করতে চান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে বলেও জানান ইশরাক।
ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করতে হয়েছে। স্বাধীনতার পরও সাংস্কৃতিক, অর্থনৈতিক, মাদকবিরোধী কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে লড়াই চালিয়ে যেতে হবে।
মাদকের বিস্তারকে দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, মাদক শুধু ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে না, এটি বাংলাদেশের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলতে পারে। তাই মাদকের বিরুদ্ধে ঘোষিত অভিযান অব্যাহত রাখতে চান তিনি।
সম্প্রতি মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন টকশোতে আইনজীবীদের বক্তব্যের সমালোচনা করে ইশরাক বলেন, ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা ওই অভিযানে অংশ নিয়েছেন। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে অবগত ছিলেন এবং অভিযানে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন বলেও জানান ইশরাক।
তিনি বলেন, অভিযানে জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে বিতর্কের কারণে মাদকের মূল সমস্যা আড়ালে চলে যাচ্ছে। সমালোচনার পরিবর্তে মাদকের স্পট, এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং মূল হোতাদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মাদক কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে ইশরাক বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে দেশের ভবিষ্যৎ নিরাপদ করতে চান তিনি।
সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে তিনি স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। এখন থেকে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা এবং প্রয়োজনে অন্যান্য অঞ্চলে মাদক নির্মূল ও জনজীবনের সমস্যা সমাধানে কাজ করতে চান।
**#IshraqHossain #BangladeshPolitics #AntiDrugCampaign #Dhaka6 #Aronno_News**