শারদীয় দুর্গাপূজায় ঘরমুখী ও ভ্রমণপিপাসু মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও বাসসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। যাত্রীদের চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে ২০০টি বাস নিয়ে বিশেষ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের কথাও বলা হয়েছে।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, উৎসবের আনন্দ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ম্লান না হয়, সে জন্য সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিশেষ বাসসেবা চালু করেছে বিআরটিসি। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ সেবায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা মিলিয়ে ২০০টি বাস নির্ধারণ করা হয়েছে।
বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে বিশেষ বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।
বিআরটিসি কর্মকর্তারা জানান, বিশেষ বাসের বেশির ভাগ রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন ডিপো থেকে ছেড়ে যাবে। এসব বাস রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। পাশাপাশি এক জেলা থেকে অন্য জেলাতেও এ বিশেষ বাসসেবা পাওয়া যাবে।
#DurgaPuja #SpecialTrain #BRTC #TravelUpdate #Aronno_News