চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্রের মতো মহাদেশ, মহাসাগর ও বিভিন্ন দেশের অবস্থান দেখতে পান বলে দাবি করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তাঁর এই দাবি বিজ্ঞানী ও গবেষকদের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে রাতে আকাশ পর্যবেক্ষণের অভ্যাস থেকে চাঁদের পৃষ্ঠে পৃথিবীর প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন বলে তাঁর বিশ্বাস। তাঁর দাবি, চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মহাদেশ, মহাসাগর ও বিভিন্ন দেশের অবস্থান হুবহু প্রতিফলিত রয়েছে। কোনো যান্ত্রিক বা বৈজ্ঞানিক প্রযুক্তি ছাড়াই আধ্যাত্মিক দৃষ্টি ও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে তিনি এই বিষয়টি উপলব্ধি করেছেন বলে জানান।
রফিকুল ইসলাম বলেন, গত বছরের অক্টোবরেও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। তবে স্থানীয় পর্যায়ে বিষয়টি যথেষ্ট প্রচার না পাওয়ায় এবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
তিনি বলেন, দেশি-বিদেশি কোনো বিজ্ঞানী বা গবেষক তাঁকে আমন্ত্রণ জানালে চাঁদের পৃষ্ঠে কোন দেশ বা মহাদেশ কোথায় রয়েছে, তা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন।
রফিকুল ইসলামের মতে, তাঁর দাবির সত্যতা প্রতিষ্ঠিত হলে ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এ বিষয়ে সরকারি সহযোগিতা পেলে তাঁর বক্তব্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আজ রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে উপস্থিত থেকে তাঁর দাবি পর্যবেক্ষণের জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানান রফিকুল ইসলাম।
তবে চাঁদের পৃষ্ঠে পৃথিবীর পূর্ণাঙ্গ মানচিত্র থাকার দাবির পক্ষে সংবাদ সম্মেলনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা স্বতন্ত্রভাবে যাচাই করা তথ্য উপস্থাপনের উল্লেখ নেই। দাবিটি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত কি না, তা নির্ধারণে স্বাধীন পর্যবেক্ষণ ও প্রমাণ প্রয়োজন।