গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেম উদ্দিনের (৩০) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিক্ষকের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয়। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে একপর্যায়ে সে তাদের কাছে ঘটনার কথা জানায়।
পরে ২১ অক্টোবর শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
অন্যদিকে, মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগে থানায় পৃথক অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
#GazipurNews #TongীNews #ChildSafety #BangladeshNews #CourtNews #Aronno_News