চিত্রনায়িকা পরীমণির জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ কিছু। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের জন্মদিনের আয়োজনে নতুন সিনেমা ‘ফারজানা’র অফিসিয়াল ফার্স্ট লুক প্রকাশ করে ভক্ত ও অতিথিদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।
শনিবার (২৪ অক্টোবর) ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল ‘শিউলি সন্ধ্যা’। জমকালো আয়োজনের মধ্যেই হঠাৎ মাইক্রোফোন হাতে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরীমণি। এরপর বড় পর্দায় ভেসে ওঠে ‘ফারজানা’র প্রথম ঝলক।
তরুণ নির্মাতা তারেক রহমানের পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এর চিত্রনাট্যও লিখেছেন তিনি। একজন নারীর জীবনসংগ্রাম, মাতৃত্ব এবং প্রতিকূল বাস্তবতার গল্প নিয়ে সাজানো হয়েছে সিনেমার কাহিনি।
পরিচালক তারেক রহমানের ভাষ্য, ‘ফারজানা’ মূলত একজন নারীর একাকী জীবনসংগ্রামের গল্প। জীবনের নানা পরীক্ষা, অজানা সত্য, না বলা কথা ও গভীর আবেগের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি।
এক নারী, তার সন্তান এবং অনিশ্চিত জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে আবেগের পাশাপাশি রহস্যও থাকছে। গল্পের বিভিন্ন বাঁকে দর্শকদের সামনে উঠে আসবে নানা প্রশ্ন।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। গল্পকে বাস্তবসম্মত করে তুলতে ঢাকার কড়াইল বস্তি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন পরিচিত স্থানে শুটিং করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে মুক্তি পাবে পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘ফারজানা’।
#PoriMoni #FarzanaMovie #BanglaCinema #Dhallywood #EntertainmentNews #Aronno_News