জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবসমাজকে সংগঠিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম।
সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেবেন। একই দিন দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দুই দিনের কর্মসূচিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুবদলের ইতিহাসে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন আবুল কাশেম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে। সংগঠনটির বর্তমান সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরিকল্পনা করেছে যুবদল।