মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর (৩৫) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাগুরার বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের বাকি শেখের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে রামনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল মাগুরার দিকে আসছিল। অন্যদিকে, মাগুরা থেকে আরেকটি মোটরসাইকেল রামনগর বাজারের দিকে যাচ্ছিল। পথে বেলনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহী আব্দুল্লাহ ও মিজানুর গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।