নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) শুনানি শেষে বড়াইগ্রাম আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ আদেশ দেন। নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন মিন্টুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার রাতে শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুকে হেফাজতে নেয় পুলিশ। তিনি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে। মামলার তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শাকিল। বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের পাশে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা ও গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত করছে পুলিশ।
#ShakilIslam #NatoreNews #MurderCase #Remand #BangladeshNews #Aronno_News