যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নিহতের চাচাতো ভাই ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান ওই গ্রামের আসিরুদ্দিনের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, জমি নিয়ে আশিকুর ও তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে ফজলুর রহমান, নজরুল ও মনিরুজ্জামানসহ কয়েকজন ধারালো দা দিয়ে আশিকুরকে কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
#JessoreNews #Jhikargacha #MurderNews #CrimeNews #BangladeshNews #Aronno_News