মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মাগুরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এম এ রশিদ জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনা। রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে, গত ২২ অক্টোবর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তের অংশ হিসেবে এখন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২১ অক্টোবর বুধবার ভোররাতে মাগুরা পৌর বাস টার্মিনালে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পৌর যুবদলের নেতা সাকের হোসেন।