বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও আলোচনায়। আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টারে রোমান্স ও অ্যাকশনের মিশেলে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। মুখে গোলাপ, হাতে বন্দুক আর চারপাশে আগুন এমন ব্যতিক্রমী অবতারে ভক্তদের নজর কেড়েছেন তিনি। পোস্টারের সঙ্গে শাহরুখের বার্তাও বাড়িয়েছে কৌতূহল। নিজেকে খুনি নয়, প্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেন শাহরুখ। ক্যাপশনে লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া... কাতিল নেহি... আশিক হুঁ।’ বাংলায় যার অর্থ, ‘আজ আবার মনে পড়ল, খুনি নই, প্রেমিক আমি।’ তাঁর এই সংলাপের সঙ্গে ১৯৯৯ সালের সিনেমা ‘বাদশাহ’-এর জনপ্রিয় গানের কথার মিল খুঁজে পেয়েছেন ভক্তরা। ফলে পোস্টারটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৪ ডিসেম্বর। বড়দিনের ছুটিকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জি। এ ছাড়া জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়েল ও সৌরভ শুক্লাকেও দেখা যাবে সিনেমাটিতে। ২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির নাম প্রকাশ করা হয়। প্রথম ঝলকেই রুপালি চুলের ভয়ংকর অ্যাকশন হিরোর অবতারে দেখা যায় তাঁকে। সে সময় তাঁর সংলাপ ছিল, ‘ডর নেহি, দেহশত হুঁ’ অর্থাৎ, ‘ভয় নই, আমি আতঙ্ক।’ নতুন পোস্টারে সেই রুক্ষ অ্যাকশন ইমেজের পাশাপাশি প্রেমিক শাহরুখের উপস্থিতিও ভক্তদের আগ্রহ বাড়িয়েছে। সিনেমাটির ট্রেলার প্রকাশে দেরি হওয়া নিয়ে সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাব দেন শাহরুখ। তিনি জানান, দর্শকদের অপেক্ষায় রাখার উদ্দেশ্যে নির্মাতারা দেরি করছেন না। বরং সিনেমাটি যথাযথভাবে তৈরি করে দর্শকদের সামনে তুলে ধরতেই সময় নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ২৪ ডিসেম্বরের আগেই পর্যায়ক্রমে সিনেমাটির প্রচারণামূলক উপকরণ প্রকাশ করা হবে। ‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি শাহরুখের দ্বিতীয় কাজ। অন্যদিকে, মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে অ্যাকশন, রোমান্স ও বাবা-মেয়ের পর্দা-জুটি এই তিন আকর্ষণকে ঘিরে ‘কিং’ নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়ছে।