ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গাছের নিচে চাপা পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, অনাকাপল্লে, কাকিনাড়া, কোনাসীমা ও পশ্চিম গোদাবরী জেলায় একজন করে মারা গেছেন। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার স্থানীয় সময় রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড়টির কেন্দ্র পুরোপুরি স্থলভাগে প্রবেশ করায় উপকূল অতিক্রমের প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি হারাতে পারে। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
**তথ্যসূত্র: এনডিটিভি**