ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ী সাথী আক্তার জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদুল ইসলামের আদালত ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। পরে তাঁকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়া হয়। ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে সাথী আক্তারের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ।
দোকানে চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ
সাথী আক্তার ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। গত রোববার নিজের প্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দেওয়া দুটি লাইভে সাথী জানান, প্রায় ১৪ বছর ধরে তিনি ব্যবসা করছেন। তবে চলতি বছর একের পর এক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, গত মাসে একটি দোকান থেকে এসির তার চুরি হয়। রোববার এসে দেখেন, তাঁর দুটি শোরুমের বৈদ্যুতিক তার এবং একটি শোরুমের এসির তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশপাশের আরও কয়েকটি দোকানেও তার চুরির ঘটনা ঘটে।
এসব ঘটনায় হতাশা প্রকাশ করতে গিয়ে একপর্যায়ে বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলেন তিনি। বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
## বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ, পুলিশের বক্তব্য
ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার আহমেদ বলেন, বিএনপিকে নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাথী আক্তারকে থানায় নেওয়া হয়েছিল। এ ঘটনায় কেউ তখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ করেননি বলেও জানান তিনি। ওসি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাথী ফেসবুক লাইভে কথা বলেছেন। সেখানে বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলা হলেও এটি রাষ্ট্রবিরোধী বক্তব্য নয়। পরে সোমবার বিকেলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাথী আক্তারকে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে। বুধবার আদালতের জামিন আদেশের পর মুক্তি পান সাথী আক্তার।