কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের চার সদস্যের মরদেহ ১১ দিন পর আজ যশোরের মণিরামপুরের মোহনপুর গ্রামে পৌঁছেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে মরদেহগুলো বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়। পরে দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।
নিহতরা হলেন নাহিদুর রহমান, তাঁর স্ত্রী আফসানা মতিন তানজি এবং তাঁদের দুই মেয়ে ইনায়া ও ইহানা। গত ১৭ অক্টোবর ভোরে ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁরা মারা যান। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়। পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নাহিদুরের বৃদ্ধ বাবা মতিয়ার রহমান ছেলে, পুত্রবধূ ও দুই নাতনিকে হারিয়ে শোকে স্তব্ধ। পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনেরা রিসোর্টটির অগ্নিনিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে।