কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও পরিবেশের খোঁজ নেন মন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুজন অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনের সময় ১২ জন অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত এবং সাতজন অন্যত্র সংযুক্তিতে রয়েছেন।
পরিদর্শনকালে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিকল্পনার মধ্যে রয়েছে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতি মায়েদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পৃথক ফিজিওথেরাপি সেবা ও ব্রেস্টফিডিং সেন্টার চালু। আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া আগামী ১ নভেম্বর যোগ দিতে যাওয়া ৪৮ জন নতুন চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর হাসপাতালে চিকিৎসক পদায়নের আশ্বাস দেন মন্ত্রী। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় উন্নতি দেখলেও বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিকল যানবাহন বাতিলের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে। অ্যাম্বুলেন্স সংকট নিরসনে আগামী অর্থবছরের মধ্যে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
#Muradnagar #HealthMinister #HospitalInspection #HealthcareBangladesh #MedicalNews #Aronno_News