স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা অন্তত ৪৬ জন এবং ১৭৯ জন আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত ট্রেন দুটির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। মধ্য স্পেনের মোরা ও অরগাস শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে রেল পরিচালনাকারী সংস্থা আদিফ। এতে মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাওয়া দুটি দ্রুতগতির ট্রেন জড়িত ছিল।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারণের কাজ চলছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের পাঠানো হয়। আহতদের রাখার জন্য একটি ক্রীড়া হল প্রস্তুত করতে তোলেদো শহরের কাছের উরদা পৌরসভার মেয়র ম্যানুয়েল গালানকে অনুরোধ জানান উদ্ধারকর্মীরা। এদিকে, দুই ট্রেনের পেছনের দিকে সংঘর্ষের ঘটনায় মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে আদিফ।
তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট