এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত পারফরম্যান্সে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের নারী দল। কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। ফাইনালে বাংলাদেশ ২৩০-২২০ পয়েন্টে কাজাখস্তানকে পরাজিত করে। তিন আর্চারের সমন্বিত নৈপুণ্য ও নিখুঁত নিশানায় প্রতিপক্ষকে পেছনে ফেলে স্বর্ণপদক জেতে লাল-সবুজের দল। শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে লক্ষ্যভেদ করেন বাংলাদেশের আর্চাররা। ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন তাঁরা। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির এই সাফল্যে আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের অর্জনের ঝুলিতে যুক্ত হলো আরও একটি স্বর্ণপদক।