বিশ্বসংগীতের জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ বিলবোর্ড ২০০ তালিকায় টানা ৩১ সপ্তাহ ধরে অবস্থান করছে। সর্বশেষ প্রকাশিত তালিকায় অ্যালবামটি ৪৬তম স্থানে রয়েছে। আগের সপ্তাহের তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে গেলেও দীর্ঘ সময় ধরে তালিকায় অবস্থান ধরে রেখেছে অ্যালবামটি। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম *কোরিয়া হেরাল্ড*-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির পরপরই বিলবোর্ড ২০০-এর শীর্ষস্থান দখল করে ‘আরিরাং’। এরপর টানা তিন সপ্তাহ তালিকার এক নম্বরে ছিল অ্যালবামটি।
বিলবোর্ড তালিকায় এগিয়ে ‘সুইম’
বিটিএসের ‘আরিরাং’ অ্যালবামের প্রধান গান ‘সুইম’ও আন্তর্জাতিক সংগীত তালিকায় সাফল্য ধরে রেখেছে। বিলবোর্ড গ্লোবাল ২০০ তালিকায় গানটি ২৮তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার বাদ দিয়ে তৈরি গ্লোবাল এক্সক্লুডিং ইউএস তালিকায় এর অবস্থান ১০ নম্বরে। প্রতিবেদন অনুযায়ী, গ্লোবাল এক্সক্লুডিং ইউএস তালিকার শীর্ষ ১০-এ টানা ৩০ সপ্তাহ ধরে রয়েছে ‘সুইম’। অভিষেকেই তালিকাটির শীর্ষস্থান দখল করেছিল গানটি।
বিশ্বভ্রমণে ব্যস্ত বিটিএস
অ্যালবাম ও গানের সাফল্যের পাশাপাশি বিশ্বভ্রমণ নিয়েও ব্যস্ত সময় পার করছে বিটিএস। চলতি সপ্তাহের শেষে ব্রাজিলের সাও পাওলোতে কনসার্টের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকায় পাঁচ শহরের পর্ব শেষ হওয়ার কথা রয়েছে। এই পর্বে বিটিএসের পরিবেশনা উপভোগ করেছেন ৬ লাখ ১০ হাজারের বেশি দর্শক। আগামী মাসে তাইওয়ানের কাওশিউং শহর থেকে আবার শুরু হওয়ার কথা রয়েছে দলটির বিশ্বভ্রমণ।
বিলবোর্ডের একাধিক তালিকায় দীর্ঘ সময় ধরে অবস্থান এবং বিশ্বজুড়ে কনসার্টে বিপুল দর্শকের উপস্থিতি বিটিএসের আন্তর্জাতিক জনপ্রিয়তার ধারাবাহিকতাই তুলে ধরছে।