রাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁও, সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। একই সঙ্গে চট্টগ্রামের একটি অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ছিল বলে জানিয়েছে সংস্থাটি। পরে বিদ্যুৎ বিভাগ জানায়, ইতোমধ্যে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি ২৯৮ মেগাওয়াট
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৬০১ মেগাওয়াট। ওই সময় উৎপাদন হয় ১৪ হাজার ৩০৩ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি ছিল ২৯৮ মেগাওয়াট। তবে বিদ্যুৎ উৎপাদনের এই ঘাটতির সঙ্গে আকস্মিক বিপর্যয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রিডে ত্রুটি দেখা দেওয়ার কারণ ও বিপর্যয়ের সূত্রপাত সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাননি। জাতীয় গ্রিডে কোনো ত্রুটি দেখা দিলে একসঙ্গে বড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। পরিস্থিতির ধরন ও ত্রুটির ব্যাপ্তি অনুযায়ী সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে কয়েক ঘণ্টাও লাগতে পারে।
আগেও ঘটেছে জাতীয় গ্রিডে বড় বিপর্যয়
বাংলাদেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ২০২২ সালের ৪ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় শুরু হলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় তিন থেকে আট ঘণ্টার মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানির দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সর্বশেষ বিপর্যয়ের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার সুনির্দিষ্ট কারণ এবং পুরো ব্যবস্থা স্বাভাবিক হতে কত সময় লেগেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।