নড়াইলের লোহাগড়া উপজেলায় দ্রুতগামী একটি মাছবাহী পিকআপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়া পৌরসভাধীন আলামুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার নড়াইলের কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালনা ঘাট এলাকা থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী একটি মাছবাহী পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন ২১-৪৭৪১) আলামুন্সির মোড়ে পৌঁছালে সামনে থাকা অটোভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আনোয়ার ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পরপরই পিকআপভ্যান রেখে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে যায়।
তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানটি জব্দ করার উদ্যোগ নিয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।