পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর মৃত্যুর পর জানাজা ও দাফনে বাধা, কবর ভরাট এবং গার্ড অব অনার প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, মহম্মদপুর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, শালিখা উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাস, শ্রীপুর উপজেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিকদার মনজুরুল আলম এবং মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ওলিয়ার রহমানসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দ।
বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য ও গার্ড অব অনারে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। অথচ তাঁদের অসম্মান করার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পিরোজপুরের এ ঘটনা দেশের মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।
বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আয়োজকরা।