বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে তার সঙ্গে দেখা যাওয়া নারী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। টঙ্গী নৌ পুলিশ সূত্র জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়। এদিকে একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পরিচিত জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় দিশা ও দীপের সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।