হ্যালোইনে সাধারণত ভৌতিক চরিত্র কিংবা জনপ্রিয় সিনেমার বিশেষ সাজে দেখা যায় তারকাদের। তবে এবার বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর বেছে নিলেন ভিন্ন এক পথ। প্রয়াত মা শ্রীদেবীর স্মরণে ১৯৮৬ সালের জনপ্রিয় সিনেমা ‘নাগিনা’র আইকনিক সাজে হাজির হয়েছেন তিনি। হ্যালোইন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন জাহ্নবী। সেখানে শ্রীদেবীর ‘নাগিনা’ সিনেমার বিখ্যাত গোলাপি পোশাক, গয়না, মেকআপ ও চুলের সাজ হুবহু ফুটিয়ে তুলেছেন তিনি। শুধু সাজপোশাক নয়, সিনেমার পোস্টার ও কয়েকটি পরিচিত দৃশ্যও নতুন করে তুলে ধরেছেন। এ আয়োজনে জাহ্নবীকে সহযোগিতা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ অরি। সিনেমায় ঋষি কাপুরের অভিনীত চরিত্রে দেখা গেছে অরিকে। অন্যদিকে অমরীশ পুরীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবীর বন্ধু বৈষ্ণব প্রবীণ।
ছবিগুলোর ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন! সর্বকালের অন্যতম আইকনিক সিনেমার মুহূর্তগুলোর একটি নতুন করে তুলে না ধরে পারলাম না।’ তিনি আরও জানান, হ্যালোইনে মানুষ পছন্দের চরিত্র কিংবা জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন মুহূর্তের সাজে নিজেদের উপস্থাপন করেন। কখনো তা ভৌতিক, কখনো মজার, আবার কখনো শ্রদ্ধা জানানোর মাধ্যম। আর তাঁর কাছে মায়ের চেয়ে আইকনিক আর কেউ হতে পারেন না। জাহ্নবীর এই আয়োজনে শুধু শ্রীদেবী নন, স্মরণ করা হয়েছে প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর ও অমরীশ পুরীকেও। উল্লেখ্য, ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘নাগিনা’ ছিল একটি ফ্যান্টাসি রোমান্টিক সিনেমা। এতে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান শ্রীদেবী। সিনেমাটি সে সময়ের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র হয়ে ওঠে এবং বলিউডে তাঁর তারকাখ্যাতি আরও সুদৃঢ় করে।