রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৩, মতিঝিলে ৬৩, ওয়ারীতে ৫৫, গুলশানে ৫০, লালবাগে ৪৭, উত্তরায় ৪৬, রমনায় ৩৬, গোয়েন্দা বিভাগে চারজন এবং এসআরইউ বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা ও ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।