স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
দূতাবাস জানায়, দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, বুধবার স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।