ফেনী শহরে অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ‘নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের রোগী দেখার অভিযোগে আরও চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। তবে অভিযুক্ত চিকিৎসককে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের নির্দেশনায় শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। এ সময় এক্স-রে, ল্যাব ও অবকাঠামোগত সুবিধা পরিদর্শনেও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অন্যদিকে, ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে ওই চিকিৎসক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।
জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার শামীমা আক্তার। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ এবং ল্যাব কর্মকর্তা মাইনউদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, সাধারণ মানুষকে সচেতন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার উদ্দেশ্যে নাম প্রকাশ করা হয়েছে, যাতে সেখানে কোনো ভুয়া চিকিৎসক চেম্বার করতে না পারেন।