বিশ্ববাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ফলে একদিনের ব্যবধানে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। একই সঙ্গে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম কমেছে ১৭৫ টাকা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে কমল মূল্যবান এই ধাতুর দাম।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৬৮ দফা। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে কমানো হয়েছিল ২৯ বার। উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়ে।