আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
অপেক্ষার অবসান হচ্ছে আজ। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে: শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।
- eduboardresults.gov.bd
- educationboardresults.gov.bd
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC Roll Year. এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
প্রতিষ্ঠানের ফল সংগ্রহ: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষাবোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের ফলাফল শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে। ফল পুনর্নিরীক্ষণের আবেদন: যারা প্রকাশিত ফলে সন্তুষ্ট হবেন না, তারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।