মিরপুর টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লিড বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। তবে একের পর এক উইকেট হারিয়ে চাপে রয়েছে স্বাগতিকরা। দিনের প্রথম ওভারেই জাকের আলী ফিরে যাওয়ার পর এবার আউট হয়েছেন হাসান মাহমুদ। ৩১ বলে ৮ রান করে হাসান মাহমুদকে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। দিনের শুরুতে জাকের আলীর বিদায়ের পর নাঈম হাসানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৩ রান। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৪০ রানে। এর আগে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। তখন লিড ছিল ১০৬ রানের। চতুর্থ দিনের শুরুতে জাকের আলী ৬ রানে আউট হন। এরপর নাঈম হাসান একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ২৪৫ রানে। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।