তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বিচারপতি আশফাকুর রহমানকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমমন্ত্রী জানান, শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠকের পর সরকারের পূর্বঘোষণা অনুযায়ী আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে এই বোর্ড গঠন করা হয়।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে সদস্য করা হয়েছে। মন্ত্রী বলেন, গত তিন দিন ধরে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপরও আজ সকাল থেকে বিভিন্ন সড়কে শ্রমিকদের নামিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের সদস্যরা দ্রুত বৈঠকে বসে নতুন মজুরি নির্ধারণের বিষয়ে কাজ শুরু করবেন বলে আশা করছে সরকার।
শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের দাবির বিষয়ে সরকার কাজ করছে। মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।