ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন। এ সময় যানবাহন ভাঙচুর ও দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। রোববার (১ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। এর ধারাবাহিকতায় রোববার সকালে শত শত শ্রমিক কর্মস্থলে না গিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। শ্রমিকদের ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।