রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান। তিনি জানান, কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল থেকে আন্দোলন ঘিরে সহিংসতা বেড়েছে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডিবির এই কর্মকর্তা অভিযোগ করেন, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছেন। আন্দোলনের মধ্যে থেকে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। ডিবি সূত্র জানায়, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায়। তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী বলে দাবি পুলিশের। ডিসি মোহাম্মদ রাকিব খান আরও বলেন, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা নাশকতামূলক কর্মকাণ্ড সমন্বয় করছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তিনিই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীদের ঢাকায় এনেছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।