নোয়াখালীর বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে জেলা পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতেই এ অভিযান চালানো হয়।
অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে ২ জন, কোম্পানীগঞ্জ থেকে ৩ জন, কবিরহাট থেকে ৫ জন, সোনাইমুড়ী থেকে ১ জন, চাটখিল থেকে ৪ জন এবং চরজব্বর থানা এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।