মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৪ কেজি। রোববার (১ নভেম্বর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়ার সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল (৫০) ও জুয়েল হোসেন (৩০)।
বিজিবি আরও জানায়, আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে স্বর্ণ চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।