নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে সড়কে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা শিবু মার্কেট এলাকায় জড়ো হন। আন্দোলনে আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকরা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকরা কাজে না ফিরে কারখানার সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পর কারখানাগুলো ছুটি ঘোষণা করলে আরও শ্রমিক রাস্তায় নেমে আসেন বলে জানান শ্রমিকরা। কিছুক্ষণের মধ্যে আশপাশের অন্য কারখানার শ্রমিকরাও সেখানে এসে যোগ দেন।
এসময় শ্রমিকদের সড়কে প্রবেশ ঠেকাতে শিবু মার্কেট এলাকায় পুলিশ বাধা দিলেও তা অতিক্রম করে তারা মূল সড়কে উঠে পড়েন। একপর্যায়ে লিংক রোডের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে যানবাহন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।