কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তার বাবা আখতারুজ্জামান। তিনি সাংবাদিকদের জানান, বুধবার রাতে শাহরিয়ার জামান গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা আকস্মিকভাবে তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, আহত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার শরীরে বড় ধরনের কাটা ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।