এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সেই তালিকা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।
আগামী ৫ নভেম্বর তাদের ফরম পূরণ শুরু হবে, শেষ হবে ৯ নভেম্বর। আর ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেন, দুই বিষয়ে যারা ফেল করেছে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে। দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন।
রূপক/ ৪ নভেম্বর ২৬