প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করে শিশুদের আনন্দে মাতালেন । আজ বুধবার (৪ নভেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন। প্রতিমন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেন তিনি। বুধবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে পৌঁছে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করার পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নেন তিনি। শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মেধা, আগ্রহ এবং শেখার পরিবেশ সম্পর্কেও ধারণা নেয়ার চেষ্টা করেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। এ ছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরে বিদ্যালয়ের বাগান পরিদর্শন করে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করেন ববি হাজ্জাজ। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। দুপুরে প্রতিমন্ত্রী উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার সামগ্রিক পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম এবং শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রূপক/ ৪ নভেম্বর ২৬