রাজধানীর বিমানবন্দর সড়কে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। নিষিদ্ধ ছাত্রলীগের ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে টহল গাড়ির চালক এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন আর্মি গলফ ক্লাব সংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বনানীর দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাত এক ব্যক্তি সেখানে কর্তব্যরত ক্যান্টনমেন্ট থানার ‘গলফ ক্লাব ৮৩’ মোবাইল টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন।
ককটেল বিস্ফোরণে টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল (১২৫৯৯) বাম চোখে সামান্য আঘাত পান। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলমান রয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ