চার বছরের ছোট্ট মেয়ের জন্মদিন, তাই আয়োজনেও থাকল রঙের ছোঁয়া, ভালোবাসা আর মিষ্টি সব মুহূর্ত। বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহা কাপুরের চতুর্থ জন্মদিন ঘিরে ছিল বিশেষ আয়োজন। প্যাস্টেল রঙের সাজসজ্জা, জনপ্রিয় কার্টুন ‘ব্লুই’ থিমের কেক আর পরিবারের সঙ্গে আনন্দঘন সময় সব মিলিয়ে মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন তারকা দম্পতি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জন্মদিন উদ্যাপনের বেশ কিছু ছবি শেয়ার করেন আলিয়া। ছবিতে দেখা যায়, জন্মদিনের সাজসজ্জায় রাখা হয়েছে প্যাস্টেল নীল রঙের একটি ক্যাম্পার ভ্যান। চারপাশে রঙিন বেলুন ও সাজসজ্জা। সেখানে লেখা, ‘রাহার চতুর্থ জন্মদিন’। আলিয়ার পরনে ছিল ফুলের নকশার সুন্দর একটি পোশাক। হাতে ছোট্ট উপহারের ব্যাগ নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। ছবিগুলোর সঙ্গে আলিয়া লিখেছেন, ‘সে এখন চার বছরের। আমাদের ছোট্ট ইউনিকর্ন। আমরা ভীষণ ভাগ্যবান, তাকে নিয়ে মুগ্ধতায় ভরা। চিরকাল, চিরদিন।’
জন্মদিনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল কেক কাটার আয়োজন। মা-বাবার কোলে বসে রাহা যখন কেক কাটছিল, তখন দুজনেই তার হাত ধরে সাহায্য করেন। কেকটি সাজানো হয়েছিল শিশুদের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘ব্লুই’-এর আদলে। এ ছাড়া ছিল আরেকটি বিশেষ কেক। সাদা ফ্রস্টিংয়ের ওপর আঁকা তিনজন মানুষের হাত ধরে থাকার ছবি, ওপরে লাল হৃদয়ের চিহ্ন। যা আলিয়া, রণবীর ও রাহার ছোট্ট পরিবারকেই যেন তুলে ধরেছে।
জন্মদিনে রাহার আনন্দের আরও কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছেন আলিয়া। একটি ছবিতে দেখা যায়, কাঠের টেবিলে বসে হলুদ রঙের ক্রেয়ন দিয়ে রংধনু আঁকছে সে। অন্য একটি ছবিতে মেয়েকে আদর করে গালে চুমু খেতে দেখা যায় আলিয়াকে। আরেকটি ছবিতে সবুজ ঘাসের ওপর খালি পায়ে দৌড়াতে দেখা যায় ছোট্ট রাহাকে। তবে বরাবরের মতো এবারও মেয়ের মুখ আড়ালেই রেখেছেন তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের ছবি প্রকাশ করলেও তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সচেতন আলিয়া-রণবীর।
২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়ি বাস্তুতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের ৬ নভেম্বর জন্ম হয় তাদের মেয়ে রাহার। বর্তমানে রণবীরকে দেখা যাচ্ছে ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় রামের চরিত্রে। অন্যদিকে আলিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘আলফা’ সিনেমায়। আগামী বছর সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হবেন এই তারকা দম্পতি।