নাটোরের সিংড়ায় চলনবিলে পাখি শিকারে বাধা দেয়ায় শহিদুল ইসলাম (৪০) নামের এক মাছচাষিকে এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে। শনিবার (৭ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ি থেকে এয়ারগানটি উদ্ধার করেছে পুলিশ। তবে সজিব ইসলামকে আটক করা সম্ভব হয়নি।
আহত মাছচাষি শহিদুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন। তিনি ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে। অভিযুক্ত সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সজিব ইসলাম তার বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকার করতে যান। এ সময় পাখি শিকারে বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজিব তার হাতে থাকা এয়ারগান দিয়ে শহিদুলের পাঁজরে গুলি করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পাখি শিকার বন্ধে তৎপরতা চললেও অনেকে গোপনে পাখি শিকার করছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এয়ারগান বহন ও পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযানে এয়ারগানটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।