নতুন সিনেমায় তিন অভিনয়শিল্পীকে একসঙ্গে পাওয়ার খবরে দর্শকের আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক। বিশেষ করে তারা যখন সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরীর মতো ভিন্ন ধারার অভিনয়শিল্পী। এবার এই তিন তারকাকে নিয়ে বড়পর্দায় নতুন গল্প বলতে আসছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। সিনেমার নাম ‘আবার দেখা হলো।’ ১০ নভেম্বর ঢাকার বাইরে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের এই সিনেমা যৌথভাবে প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। সিনেমাটিতে তিন অভিনয়শিল্পীর পাশাপাশি থাকছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এ ছাড়া আরও কয়েকজন অভিনয়শিল্পীর যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে সিনেমার গল্প, চরিত্র কিংবা অভিনয়শিল্পীদের পর্দায় উপস্থিতি নিয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতা। ফলে কোন চরিত্রে কে অভিনয় করছেন, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে।
সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরী এ তিনজনের অভিনয়জীবনের পথ আলাদা হলেও তাদের কাজের প্রতি যত্ন ও চরিত্রের বৈচিত্র্য দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত। সিয়ামের চলচ্চিত্রযাত্রা শুরু ‘পোড়ামন-২’ দিয়ে। প্রথম সিনেমায়ই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘দহন’, ‘ফাগুন হাওয়ায়’, ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘মৃধা বনাম মৃধা’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘বিশ্বসুন্দরী’ ও ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতিও পেয়েছেন। সাম্প্রতিক সময়ে ‘জংলি’, ‘তাণ্ডব’ ও ‘রাক্ষস’ দিয়ে আলোচনায় ছিলেন এই অভিনেতা। চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়ার চেষ্টা তার অভিনয়ে বরাবরই লক্ষণীয়। নতুন সিনেমায় তার উপস্থিতি তাই বাড়তি কৌতূহল তৈরি করছে।
অন্যদিকে নাজিফা তুষির অভিনয়যাত্রায়ও রয়েছে বৈচিত্র্যের ছাপ। ‘আইসক্রিম’ দিয়ে বড়পর্দায় যাত্রা করা এই অভিনেত্রী ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘হাওয়া’ দিয়ে দর্শকের কাছে বিশেষ পরিচিতি পান। ‘হাওয়া’ সিনেমায় গুলতি চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। পরে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজেও অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করেন। সাম্প্রতিক সময়ে ‘প্রেশার কুকার’ সিনেমায় রেশম চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘রইদ’ সিনেমায় ‘সাধুর বউ’ চরিত্রেও দেখা গেছে তাকে। চরিত্র নির্বাচনে বৈচিত্র্য এবং পর্দায় স্বতন্ত্র উপস্থিতি তুষিকে সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে আলাদা করে রেখেছে।
চঞ্চল চৌধুরীর নাম এলেই দর্শকের মনে ভেসে ওঠে ভিন্ন ভিন্ন চরিত্রের মুখ। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ‘মনপুরা’ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়ার পর ‘মনের মানুষ’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও ‘হাওয়া’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে আয়নাবাজির আয়না কিংবা হাওয়ার চান মাঝি চরিত্রে তার অভিনয় এখনও আলোচনায় থাকে। ওয়েব মাধ্যমেও ‘তাকদীর’, ‘কারাগার’, ‘দুই দিনের দুনিয়া’ ও ‘রুমি’র মতো কাজ দিয়ে নিজের অভিনয়ের পরিধি বাড়িয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও একাধিকবার শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছেন এই শিল্পী।
উল্লেখ্য, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে এর আগে হাওয়া, প্রেশার কুকার ও আন্ধার সিনেমায় একসঙ্গে দেখা গেছে। ফলে তাদের নতুন পর্দা-সমীকরণ নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে। অন্যদিকে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত ‘বলি’, ‘গুটি’ ও ‘প্রিয় মালতী’র মতো কাজের মাধ্যমে নিজের নির্মাণশৈলীর পরিচয় দিয়েছেন। এবার তিন অভিনয়শিল্পীকে নিয়ে তার নতুন আয়োজন ‘আবার দেখা হলো’। গল্প ও চরিত্রের বিস্তারিত এখনও অজানা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।