অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাটিং বিপর্যয়ে বড় পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। আফগানিস্তানের দেওয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই অলআউট হয়েছে বাংলাদেশের যুবারা। ফলে ১১৩ রানের বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে তারা। আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন শাহ ফয়সাল রহিমি। ৯৭ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এছাড়া তাহির সারওয়ার ৩৭, নোমান সালারজাই ১৬ এবং আমির হামজা ১৬ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাফিউল আলম তামিম। ১০ ওভারে ৪১ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। রবিউল হাসান অনিক শিকার করেন দুটি উইকেট। রুবায় ইসলাম রিজন ও শেখ আতিউর রহমান নেন একটি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ২৭ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে দলটি। একপ্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এসকে জারিফ সিয়াম। ৫৮ বলে ছয়টি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি। রবিউল হাসান অনিক ৪৭ বলে ৩৩ এবং রুবায় ইসলাম রিজন ১৪ বলে ২১ রান করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৫.৫ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। আফগানিস্তানের বোলারদের মধ্যে আমির হামজা, নূর আলী নিজাই ও সামি মোবারেজ তিনটি করে উইকেট নেন। সোহেল খান শিকার করেন একটি উইকেট।